বিভিন্ন স্থানে আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের অভিযান, বাজেয়াপ্ত চোলাই ও উপকরণ

রবিবার কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। এদিন কুমারগ্রাম ব্লকের ভল্কা, মাঝেরডাবরি, বাইরুপাড়া, পাকরিগুড়ি সহ অন্যান্য স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ৪০ লিটার চোলাই এবং ৩০০ লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ। আবগারি বিভাগ জানিয়েছে, এদিনের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবৈধ মদের রমরমা রুখতে লাগাতার এই ধরনের অভিযান চলবে।

ব্যূরো রিপোর্ট উত্তরের নিউজ ২৪×৭

আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে উত্তর লতাবাড়িতে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা……

28 নভেম্বর: বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি হিন্দি হাইস্কুলে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-2026 কে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায়, জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৌশিককুমার রায় সহ অন্যরা। জানা গিয়েছে, আগামী বছরের 27-29 জানুয়ারি কালচিনি জোনে জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের প্রস্তুতি সভা থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে গঙ্গাপ্রসাদ শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৌশিককুমার রায় বলেন, ‘আগামী বছরের 27-29 জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভা করে অর্গানাইজিং কমিটি গঠন করা হল।

বড় দলদলি থেকে খুট্টিমারি বনবস্তি পর্যন্ত রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বড় দলদলি থেকে খুট্টিমারি বনবস্তি পর্যন্ত রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল থাকার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার বিভিন্ন অংশে পিচের চাদর উঠে গিয়েছে। বর্ষাকালে ওই পথ দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়ে। মাঝে মধ্যেই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল। যার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে ওই রাস্তাটি তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে। স্থানীয়রা চাইছেন, দ্রুত ওই রাস্তা মেরামত করা হোক। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের চেংমারি অঞ্চল সভাপতি প্রভাস ঈশ্বরারী জানান, রাস্তাটি বেহাল রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা রাখছি, রাস্তাটি মেরামত করা হবে।